আইটিএন নিউজ বিডি ডটকমের আলোচনা সভা সম্পন্ন: সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতায় অঙ্গীকার পুনর্ব্যক্ত
মোঃ মোরশেদ আলম চৌধুরী
কক্সবাজারের উখিয়ায় দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আইটিএন নিউজ বিডি ডটকম-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলা এই সভায় দায়িত্বশীল সাংবাদিকতা, জাতীয় স্বার্থ সংরক্ষণ, সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অপসাংবাদিকতা রোধে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উখিয়া স্টেশন জামে মসজিদের সম্মানিত খতিব ও ইসলামী স্কলার মাওলানা হাফেজ নিয়ামত বিন কামাল।
আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এইচ এম এরশাদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। আইটিএন নিউজ বিডি ডটকম শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই এটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করবে।
আইটিএন নিউজ বিডি ডটকমের সম্পাদক মাহবুব আলম মিনার বলেন, সত্য, নিরপেক্ষতা ও মানবিক সাংবাদিকতাই আইটিএন নিউজের মূল দর্শন। কোনো অপশক্তির প্রভাব ছাড়াই দেশের অসহায়, নিপীড়িত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করাই আমাদের লক্ষ্য।
আলোচনা সভা সঞ্চালনা করেন আইটিএন নিউজ বিডি ডটকমের প্রধান সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী। তিনি বলেন, উখিয়া-টেকনাফ সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরে নানা সংকটের মুখোমুখি। এসব বাস্তব সমস্যা দেশবাসীর সামনে তুলে ধরতে অনুসন্ধানী, সাহসী ও পেশাদার সাংবাদিকতার প্রয়োজন। আইটিএন নিউজ বিডি ডটকম সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে।
বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি ও আইটিএন নিউজের উপদেষ্টা আমিনুল হক আমিন বলেন, ভুঁইফোঁড় মোবাইল সাংবাদিকদের অপপ্রচার প্রকৃত সাংবাদিকতার জন্য বড় হুমকি। সত্য সাংবাদিকতা প্রতিষ্ঠায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি আরও বলেন, আইটিএন নিউজের সম্পাদক মাহবুব আলম মিনার দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন এবং অনুসন্ধানী রিপোর্ট তৈরিতে সবসময় গুরুত্ব দিয়ে থাকেন।
আইটিএন নিউজ বিডি ডটকমের কক্সবাজার থেকে আগত উপদেষ্টা শাহাব উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকট একটি আন্তর্জাতিক ইস্যু। এই সংকটের বাস্তব চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইটিএন নিউজের উপদেষ্টা ও উখিয়ার স্থানীয় সাংবাদিক নেতা নুর মোহাম্মদ সিকদার বলেন, সাংবাদিকতা কখনো ব্যবসা হতে পারে না। এটি একটি সামাজিক দায়িত্ব। সত্য তথ্যের প্রশ্নে আপস করলে সাংবাদিকতার অস্তিত্ব সংকটে পড়ে।
বিশেষ অতিথি উখিয়া-টেকনাফ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সংসদ সদস্য মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, সীমান্তের ওপারে অবৈধ সশস্ত্র সংগঠন আরাকান আর্মির গুলিবর্ষণ ও পুঁতে রাখা স্থলমাইন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। এসব মাইন বিস্ফোরণে শিশু ও নিরীহ মানুষ হতাহত হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।
আইটিএন নিউজের উপদেষ্টা ও দৈনিক আমার দেশ-এর টেকনাফ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম বলেন, সত্য ও তথ্যভিত্তিক সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করে। আইটিএন নিউজ বিডি ডটকম সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে আইটিএন নিউজ বিডি ডটকমের উপদেষ্টা মোহাম্মদ আমিন বলেন, আইটিএন নিউজ বিডি ডটকম আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করে যাবে।
আলোচনা সভার শেষ পর্যায়ে উখিয়া প্রেসক্লাবের সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু আইটিএন নিউজ বিডি ডটকমের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইটিএন নিউজের প্রধান এডিট মোহাম্মদ নুর।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন (মেম্বার), মাওলানা হাফেজ জালাল আহমেদ (খতিব, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ), জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী, ডিবিসি নিউজ টেকনাফ প্রতিনিধি ও আইটিএন নিউজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহিন, দৈনিক প্রতিদিনের সাংবাদিক রাশেদ, সিবিএন উখিয়া প্রতিনিধি জালাল আহমেদ কাওসার, সাপ্তাহিক সোনাই ছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ আলম, সাংবাদিক কামাল উদ্দিন জয়, আবদুর রহিম, জাকির হোসাইন, আব্দুল্লাহ আল জোবাইর, বিএনপি নেতা মোবাশ্বের, রহিমা আক্তার, শাহেদা আক্তার, শিক্ষা অনুরাগী শাহিনা ইসলাম, তৈয়বা আক্তার, মেধাবী ছাত্রী মর্জিনাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দূরদূরান্ত থেকে আগত অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। আইটিএন নিউজ বিডি ডটকম পরিবারের পক্ষ থেকে সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে নিহত নারীর অসহায় পরিবারের খোঁজ নিতে যাওয়ায় সাবেক সংসদ সদস্য ও উখিয়া-টেকনাফ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহাজাহান চৌধুরী আলোচনা সভায় উপস্থিত থাকতে পারেননি।