গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসনের ব্রিফিং
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার।।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিস, মহেশখালীর উদ্যোগে মহেশখালী সরকারি মডেল হাই স্কুলে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আজিজ।
ব্রিফিং সেশনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত আচরণবিধি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণের দায়িত্ব বণ্টন এবং ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনের গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ব্রিফিং শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহেশখালী থানাধীন একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, নিয়োজিত জনবলের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এ সময় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।