
**নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম**
**সংসদে জনগণের পক্ষে নির্ভয়ে কথা বলার অঙ্গীকার ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন আকাশের**
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ (বন্দর-ইপিজেড-পতেঙ্গা-ডবল মুরিং) আসনে নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। এই আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম উদ্দিন আকাশ তার নির্বাচনী প্রতীক ‘ট্রাক’ নিয়ে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শিক্ষিত ও তরুণ এই প্রার্থীকে নিয়ে স্থানীয় ভোটারদের মাঝে তৈরি হয়েছে নতুন আগ্রহ।
**মাঠ চষে বেড়াচ্ছেন আকাশ**
বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও ডবল মুরিং এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় নিয়মিত গণসংযোগ করছেন ইঞ্জিনিয়ার আকাশ। সকাল থেকে রাত পর্যন্ত তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, কুশল বিনিময় করছেন এবং লিফলেট বিতরণ করছেন। স্থানীয়দের মতে, গতানুগতিক রাজনীতির বাইরে এসে তার স্পষ্ট বক্তব্য ও শিক্ষাগত যোগ্যতা ভোটারদের আকৃষ্ট করছে।
**নেতৃত্বের সঙ্গে সমন্বয় ও অঙ্গীকার**
প্রচারণাকালে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম উদ্দিন আকাশ জানান, তিনি দলের সভাপতি নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতা ফারুক হাসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কৌশল নির্ধারণ করছেন। দলীয় নির্দেশনা ও সাধারণ জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করছেন।
ভোটারদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আমি জয়ী হলে ইনশাআল্লাহ জাতীয় সংসদে গিয়ে দেশের জন্য, জনগণের জন্য নির্ভয়ে কথা বলবো। সাধারণ মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবো।”
নিজেকের এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি আপনাদেরই ছেলে। আপনারা আমাকে পাশে রাখুন, আমাকে দেখবেন—আমি কথা দিয়ে কথা রাখবো।”
**কেন্দ্রীয় নেতাদের সমর্থন**
প্রচারণায় অংশ নিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা বলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম উদ্দিন আকাশ একজন শিক্ষিত, যোগ্য ও সৎ প্রার্থী। বর্তমান সময়ে এমন প্রার্থীরই প্রয়োজন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “আকাশ এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি আপনাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে যাবেন—এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে বিশ্বাস রাখতে পারেন।”
**ভোটারদের ভাবনা**
স্থানীয় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন আকাশ ধীরে ধীরে ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছেন। বিশেষ করে তরুণ ভোটাররা তার প্রতি ঝুঁকছেন। স্থানীয় সচেতন মহলের মতে, চট্টগ্রাম-১১ আসনে তাকে একজন সম্ভাবনাময় ও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা ও এলাকার প্রতি তার দায়বদ্ধতা তাকে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখছে।