
লামায় পাঁচ অবৈধ ইটভাটায় অভিযান: ১০ লাখ টাকা জরিমানা আদায়
স্টাফ রিপোর্ট মোঃমোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৮ জানুয়ারি) লামা উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।
অভিযানকালে ফাইতং ইউনিয়নের MHB ব্রিকস্, FAC ব্রিকস্, SBW ব্রিকস্, 3BM ব্রিকস্ ও MMB ব্রিকস্ নামে পাঁচটি ইটভাটায় অনুমোদন ছাড়া অবৈধভাবে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫(১) ও ১৫(১) অনুযায়ী প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে