কিশোর গ্যাংয়ের মহড়া গ্রুপের’ ১১ সদস্য গ্রেফতার অস্ত্রসহ ধরা
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ‘Danger কিশোর গ্যাং’ এর ১১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় দীর্ঘদিন ধরে তাদের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, ০৩ এপ্রিল ২০২৬ ইং, বিকাল আনুমানিক ৩:৫৫ ঘটিকা হতে ৪:২৫ ঘটিকার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ নাঈমুর রহমান তুহিন, এএসআই সাহেদ আলীসহ সঙ্গীয় ফোর্স জামালখানস্থ ঐতিহ্যবাহী ডাক্তার খাস্তগীর স্কুলের প্রধান গেইট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে সংঘবদ্ধভাবে অবস্থান নেওয়া একদল কিশোরকে সন্দেহজনক আচরণ করতে দেখে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ‘Danger কিশোর গ্যাং’ এর কথিত প্রধান মোঃ শামীম (২২) ছাড়াও রয়েছে মোঃ আরমান হোসেন (১৯), মোঃ বাপ্পী (১৯), নাছির উদ্দিন রিয়াদ (১৯), মোঃ সাইম হোসেন সোহাগ (১৯), মোঃ হোসেন (২৩), মোঃ আল আমিন (১৯), মোঃ রিয়াদ (১৯), মোঃ তামজিদ (১৯), মোঃ অনিক আকরাম (১৯) এবং নিরব গাঙ্গুলী (১৯)। তাদের সবার বাড়ি চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় বলে জানা গেছে।
অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি ও আশপাশ এলাকা তল্লাশি করে পুলিশ একটি টিপছোরা, একটি কিরিজ, একটি চাপাতি, বিভিন্ন সাইজের আটটি কাঠের লাঠি, ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পনেরোটি ইটের টুকরা এবং একটি লোহার ধামা উদ্ধার করে। এসব সরঞ্জাম তারা সংঘবদ্ধভাবে শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য সহিংসতার উদ্দেশ্যে ব্যবহার করছিল বলে ধারণা করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘Danger "ডেন্জার" কিশোর গ্যাং’ নামে পরিচিত এই গ্রুপটি এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়ানোর উদ্দেশ্যে নিয়মিতভাবে দলবদ্ধ হয়ে মহড়া দিত। তারা বিভিন্ন সময়ে স্থানীয় কিশোরদের দলে ভেড়ানোর চেষ্টা করত এবং এলাকায় প্রভাব বিস্তারের জন্য প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করত।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে জামালখান ও আশপাশ এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যায়। বিশেষ করে স্কুল ও কোচিং সেন্টারের আশেপাশে তাদের আনাগোনা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও তারা মন্তব্য করেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নগরীতে কিশোর গ্যাং দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের গতিবিধির প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং ০৯, তারিখ ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন ২০১৯ এর ৪ ও ৫ ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এ অভিযানের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, নগরীতে কোনো ধরনের কিশোর গ্যাং তৎপরতা সহ্য করা হবে না এবং জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।