
**ছৈয়দুল করিম খান ক্রাইম রিপোর্টার**
চট্টগ্রাম মহানগরীতে ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং বিএসটিআই অনুমোদনহীন লেভেলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে র্যাব-৭। গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত ২১:০০ ঘটিকা থেকে ৮ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ০৪:৩০ ঘটিকা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্মকর্তাদের সমন্বয়ে এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দসহ জেল-জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে।
**অভিযানের প্রধান তিনটি উল্লেখযোগ্য সাফল্য হলো**
১। **অক্সিজেন মোড় এলাকা** অভিযানে অক্সিজেন মোড় থেকে বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই অবৈধ লেভেলিং ব্যবহারের মাধ্যমে তেল বাজারজাত করার অপরাধে ১০৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
২। **নাসিরাবাদ ২ নম্বর গেট** নগরীর দুই নম্বর গেট সংলগ্ন নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯,৬০০ লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদের প্রমাণ পায় আভিযানিক দল। মজুদদারির অপরাধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
৩। **কর্ণফুলী কমপ্লেক্স**
একই এলাকার কর্ণফুলী কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশে ১২,০০০ লিটার ভোজ্যতেল মজুদের দায়ে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৭ সূত্রে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে বলে জানানো হয়েছে।