
তাসলিমা আক্তার .দৈনিক তালাশ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ ইটভাটার বিরুদ্ধে অবশেষে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। বুধবার (০১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। শাহ জব্বারিয়া ব্রিকস, বিসমিল্লাহ ব্রিকস, চরম্বা রহমানিয়া ব্রিকস, ইসলাম ব্রিকস ও শাহ মজিদিয়া ব্রিকস—প্রতিটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি র্যাব-৭, পুলিশ, রিজার্ভ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করেন।
দীর্ঘদিন ধরে গণমাধ্যমে অবৈধ ইটভাটার বিষয়টি তুলে ধরা হলেও তা আমলে নেওয়ায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।