
স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
কক্সবাজারের চকরিয়া উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা কিছু সময় তাদের খুঁজে না পেয়ে আশপাশে তল্লাশি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো— ডুলাহাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং সওদাগর ঘোনা ৬ নম্বর ওয়ার্ডের চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফ জান্নাত (৫)। তারা সওদাগর ঘোনা এলাকায় তাদের নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে গভীর দুঃখ ও উদ্বেগ বিরাজ করছে। তারা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।