
হাফিজুর রহমান খান, কক্সবাজার।।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বড় মহেশখালী নতুন বাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে এবং আমিনুল হক চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, একটি চক্র ধর্মকে পুঁজি করে ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে। তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র করছে।
প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হলে কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ৫ আগস্ট ফ্যাসিবাদীদের দেশছাড়া করে দেশের মানুষকে নিরাপদ রাখা হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা রাজপথে রক্ত দিয়েছে। বাংলাদেশের জনগণ বিএনপির হাতেই সবচেয়ে নিরাপদ।
জনসভায় বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি বলেন, পূর্বেও আমি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহেশখালী ও কুতুবদিয়ায় ব্যাপক উন্নয়ন করেছি। এবার আপনাদের ভোটে পুনরায় নির্বাচিত হলে সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকব।
তিনি আরও বলেন, আমার জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী পক্ষ আমার বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান না দেওয়ার জন্য তিনি নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান।
এছাড়া সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, সাধারণ সম্পাদক শামীম আরা ঝর্ণা, ছৈয়দ আহমদ চৌধুরী ও জালাল আহমদসহ আরও অনেকে। সভায় তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।