

**ছৈয়দুল করিম খান,সিনিয়র ক্রাইম রিপোর্টার | চট্টগ্রাম**
২০ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম দেশের মৎস্যসম্পদ রক্ষায় সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়নে বন্দরনগরী চট্টগ্রামে এক বিশাল সাফল্য পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। রবিবার বিকেলে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় এক বিশেষ যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,দীর্ঘ দিন ধরে কর্ণফুলী নদী তীরবর্তী ডাঙ্গারচর এলাকায় একটি অসাধু চক্র মৎস্য আইন অমান্য করে নিষিদ্ধ জালের মজুদ ও কেনাবেচা করে আসছিল,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের একটি চৌকস দল আজ বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তারা জানান,ডাঙ্গারচরস্থ “সি হার্ট” (Sea Heart) নামক একটি গোডাউনে তল্লাশি চালিয়ে পাহাড়সম নিষিদ্ধ জালের মজুদ পাওয়া যায়,এছাড়া গোডাউন সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি ট্রাক থেকেও বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়। অভিযানে জব্দকৃত জালের মোট পরিমাণ প্রায় ৩২ লাখ ৫০ হাজার মিটার,যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩১২ কোটি টাকা।
অভিযান চলাকালীন স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত এই বিপুল পরিমাণ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়,তবে অভিযানের সময় জড়িত মূল হোতারা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি,তাদের শনাক্তে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,জাটকা নিধন রোধ এবং সামুদ্রিক মৎস্য সম্পদের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারের এই কঠোর কর্মসূচি বাস্তবায়নে নৌবাহিনী সদা তৎপর,সমুদ্র ও উপকূলীয় এলাকায় যে কোনো ধরনের অবৈধ মৎস্য আহরণ এবং পাচার রুখতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের এই যৌথ জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য,জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও সমুদ্র ও উপকূলীয় এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার,এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।