
উখিয়ায় যানজট নিরসনে জেলা ও উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
প্রশাসন চলে যেতেই ফের সড়ক দখলের অভিযোগ
ফুটপাতের দোকান থেকে কিছু অসাধু জমিদারের জামানত নেওয়ায় যানজট নিরসন হচ্ছে না—স্থানীয়দের অভিযোগ
জাহাঙ্গীর আলম | উখিয়া (কক্সবাজার):
কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ মালামাল, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়।
কক্সবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান–এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় কোর্টবাজার স্টেশন সংলগ্ন এলাকায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ ফুটপাত, দোকানের মালামাল, অননুমোদিত পার্কিং ও সড়ক দখলমুক্ত করা হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনী, পুলিশ, কোর্টবাজার স্টেশনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ, গ্রাম পুলিশ, কোর্টবাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, রত্নাপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, টমটম ও সিএনজি লাইনের দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানে অবৈধভাবে সড়ক দখল করে রাখা মালামাল, মোটরসাইকেল ও মিনি টমটম জব্দ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন রাস্তার পাশে অবৈধভাবে দোকান বসাতে না পারে, ফুটপাত দখল না করে এবং অননুমোদিত পার্কিং না করে—সে বিষয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন প্রশাসনের কর্মকর্তারা।
তবে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই আবারও সড়ক ও ফুটপাত দখল শুরু হয়। তাদের দাবি, কিছু অসাধু জমিদার ফুটপাতের দোকানদারদের কাছ থেকে জামানত গ্রহণ করে পুনরায় দোকান বসাতে সুযোগ করে দিচ্ছেন। এর ফলে প্রশাসনের অভিযান সত্ত্বেও যানজট নিরসনে স্থায়ী কোনো সমাধান আসছে না।
স্থানীয়রা বলেন, যানজট নিরসনে শুধু উচ্ছেদ অভিযান নয়, নিয়মিত তদারকি, কঠোর নজরদারি এবং অবৈধভাবে দোকান বসানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও দখলদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় উখিয়ার কোর্টবাজার স্টেশনের যানজট সমস্যা দীর্ঘদিন ধরেই থেকে যাবে বলে আশঙ্কা করছেন তারা।